| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে শুরু এসএসসি পরিক্ষার্থীদের ব্যতিক্রমী সহায়তা ছাত্রদলের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৩:০৩:৫৫:অপরাহ্ন  |  ৩১৯৮ বার পঠিত
বাগেরহাটে শুরু এসএসসি পরিক্ষার্থীদের ব্যতিক্রমী সহায়তা ছাত্রদলের

বাগেরহাট প্রতিনিধি : সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

এদিকে পরীক্ষার্থীদের যাতায়াত ও অভিভাবকদের ভোগান্তি কমাতে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। তারা বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছে, যা ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী মুন্সী শেখ বলেন, আমি পরীক্ষা দিতে ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিলাম। হাতে সময়ও কম ছিল। পরে ছাত্রদলের ভাইয়েরা আমাকে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিয়েছে। তাদের এ ধরনের কাজ অব্যাহত থাকুক—সেই প্রত্যাশা করি।

আরেক পরীক্ষার্থী দীপা দাস বলেন, ছাত্রদল এই তীব্র গরমের মধ্যে আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। আমাদের বাবা-মায়ের জন্য ছাউনির ব্যবস্থাও করেছে। তাদের এ ধরনের সেবা পেয়ে আমাদের খুব ভালো লাগছে।

অভিভাবক মো. আব্দুল করিম বলেন, আগে গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো। এখন বসার জায়গা আর পানির ব্যবস্থা থাকায় অনেকটা স্বস্তি লাগছে।

অভিভাবক রহিমা বেগম বলেন, ছেলেকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখানে এসে দেখছি ভালো পরিবেশ, সহযোগিতাও পাচ্ছি—এতে ভরসা পাচ্ছি।

জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে জন্য আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হলে আমাদের হেল্পলাইনে কল করলেই দ্রুত স্বেচ্ছাসেবক পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ফ্রি পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে, যাতে এই গরমে কেউ অসুস্থ হয়ে না পড়ে।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ এক অভিভাবক জানান, ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই ভালো লেগেছে। বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় অনেকটা স্বস্তি পাচ্ছি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সহযোগিতার ফলে বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪