নাটোর প্রতিনিধি: নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালী ব্যাংক পিএলসি নাটোরের আয়োজনে, নাটোর জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মোঃ আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী-এর পরিচালক (পরিদর্শন) মোঃ নাজিম উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারের অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ শওকত জামান। সভাপতিত্ব করেন মোঃ আহসান রেজা, ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নাটোর। অতিথিবৃন্দসহ দক্ষ প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়। নারী উদ্যোক্তারা এখন আর পিছিয়ে নেই, তারা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে। এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
এছাড়াও নারী উদ্যোক্তারা সহজ শর্তে ব্যাংকসমূহ থেকে কীভাবে ঋণ পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন