| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে স্কুলগামী শিশুদের চলাচল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:৪৬:৫৫:অপরাহ্ন  |  ১৫৭৬ বার পঠিত
ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে স্কুলগামী শিশুদের চলাচল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে ঝিনাইদহে জিকে প্রাইমারি স্কুলগামী শিশুদের চলাচল। রাস্তা দখলের কোন প্রতিকার না থাকায় কর্তৃপক্ষের ভূমিকাকে দায়িত্বহীন ও নির্বিকার বলে অভিযোগ করেছে এলাকাবাসী। 

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক সংলগ্ন জেলা শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, জেলা প্রশাসন ও সরকারি অফিস-আদালত এলাকার সন্নিকটে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কলোনিতে অবস্থিত ঐতিহ্যবাহী জি.কে(গঙ্গা-কপোতাক্ষ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দীর্ঘদিনের রাস্তা বেদখল হয়ে গেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-বাপাউবো'র জরাজীর্ণ ও ভাঙা প্রাচীরঘেষা রাস্তার উত্তর পার্শ্বের পৌর এলাকায় বেশিরভাগ ছাত্রছাত্রীর বাড়ির অবস্থান হওয়ায় শিক্ষা কার্যক্রমের অনুপস্থিতির হার বেড়েছে। একারণে পাঠদানের ফলাফলে সুনাম হারাচ্ছে ১৯৬৭ সালে স্থাপিত জি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। দক্ষিণ চাকলাপাড়ার (চাঁনমারি পাড়া ও বিল পাড়া) বাসিন্দা ও শিশুরা নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে যাতায়াত করছে। রাস্তারটির মাঝ বরাবরসহ বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। রাস্তার বিভিন্ন অংশ দখলে নিয়ে মাঠের আবাদি জমি ও বাড়ির জমির সীমানাভুক্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। 

জনসাধারণ ও জিকে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের চলাচলের জন্য খোর্দ্দ ঝিনাইদহ (চাকলাপাড়া) মৌজার ৭ নং (দক্ষিণ চাকলাপাড়া) ওয়ার্ডের পূর্ব প্রান্তের রাস্তা ও একই মৌজার ৮ নং (ওয়াটার ওয়াবদাপাড়া/বিলপাড়া) ওয়ার্ডের পশ্চিম প্রান্তসহ সর্বমোট প্রায় ৫০০ ফুট রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এই রাস্তার কোলঘেষে পাউবো'র জরাজীর্ণ ও পুরাতন প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, বাকিটা প্রাচীর ভেঙে যেকোনো সময়ে দূর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কায় এলাকাবাসী, শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কিত ও উদ্বিগ্ন।

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের ইংরেজি বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী মোছাঃ রিয়া খাতুন বলেন, 'দূর্দশাগ্রস্ত রাস্তা ও  ভাঙাচোরা প্রাচীর নিয়ে সমাধান চেয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক বরাবরে এলাকাবাসীরা একজোট  হয়ে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দিয়েও কোন সুরাহা ঘটেনি।' জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পড়ুয়া সুজয় জানায়, 'পাচিলের (প্রাচীর) পাশ দিয়ে ভয় করে, আসা-যাওয়ার পথ খুব খারাপ। 

নানা বাঁধা-বিপত্তি পেরিয়ে চলাচলের অযোগ্য সত্ত্বেও রাস্তা লাগোয়া ভাঙা প্রাচীর এখন মৃত্যুঝুঁকির কারণ হিসেবে দেখছেন অত্র এলাকাবাসি। এ প্রসঙ্গে অত্র এলাকার বাসিন্দা রাজু আহমেদ, মো. মহিউদ্দিন, নাইস ফাতেমা, বন্যা বেগম, সাজু আহমেদ, অসিত, সাব্বির আহমেদ, চিন্তা রানিসহ প্রায় শতাধিক মানুষের সাথে প্রতিবেদকের কথা হলে একইকথা জানিয়েছেন তারা।

বাপাউবো'র ঝিনাইদহ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানিয়েছেন, কলোনি সংস্কার প্রকল্পের আওতায় প্রাচীর নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।' একই প্রতিষ্ঠান-পাউবো'র সীমানায় থাকা জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নিলুফা ইয়াসমিন বলেন, 'রাস্তা ও প্রাচীরের ভগ্নদশার কারণে যেকোনো সময় মারাত্মক দূর্ঘটনার আশঙ্কায় স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। ভুক্তভোগীরা বলছে, রাস্তা মেরামত ও নতুন প্রাচীর নির্মাণ করতে বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও এসব দাবি আমলে নেওয়া হয়না।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪