| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে অবৈধ সিসা কারখানা বন্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:১০:২০:অপরাহ্ন  |  ১২২৪ বার পঠিত
জীবননগরে অবৈধ সিসা কারখানা বন্ধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি মজুদ ও পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।কারখানার কার্যক্রম বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা  দিকে উপজেলার খয়েরহুদা গ্রামের পাশের একটি ফাঁকা মাঠে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে।

অভিযানে সূত্রে জানা যায়, কারখানাটির কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না। এছাড়া সেখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে ভয়াবহ পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়। 

এ ঘটনায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ গ্রামের মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমান (৫০) কে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ জব্দ করে বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে ওই স্থানে এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেনসহ জেলা পুলিশের সদস্যরা। 

স্থানীয়রা ভ্রাম্যমান আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪