মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় এক তরুণী গৃহবধূকে অপবাদ দিয়ে চুল কেটে, মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী তরুণী ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা যায়, শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিম (২০)-এর সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী কর্মসূত্রে মাদারীপুরের একটি ইটভাটায় অবস্থান করছেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিমের বিরুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে দেখা করার অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির সদস্যরা। পরে শ্বশুর সামসুল মন্ডল (৫৫), ভাসুর উজ্জল গাফ্ফার (৩৫) ও শাশুড়ি রোকেয়া বেগম (৫০) তাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। এরপর তাকে একটি ঘরে আটকে রাখা হয়।
বুধবার দুপুরে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী মিম বলেন, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শাশুড়ি রোকেয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্যান্য অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি