| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লোডশেডিংয়ে জনদুর্ভোগে সংসদে দুঃখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৯:২৬:৫৫:অপরাহ্ন  |  ৫২১ বার পঠিত
লোডশেডিংয়ে জনদুর্ভোগে সংসদে দুঃখ প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: তীব্র গরমের মধ্যে দেশজুড়ে লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে দেওয়া বিবৃতিতে তিনি জানান, গ্রাম-শহরের বৈষম্য কমাতে এবং কৃষকদের সেচ নিশ্চিত করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে এবং কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি দেখালেও বাস্তবে তা পূরণ করা যাচ্ছে না। গত বুধবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।

গ্রামের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের কৃষক কষ্টে থাকবে—এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করেই ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস সংকটের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে প্রায় ৩ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে আমদানি বাড়ানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় গ্যাস অবকাঠামো উন্নয়নে দ্রুত অগ্রগতি দেখা যাবে।

এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, রক্ষণাবেক্ষণের কারণে একটি আমদানিকৃত ও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এগুলো চালু হলে বর্তমানে চলমান প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি জনগণের দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪