রিপোর্টার্স২৪ ডেস্ক: ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। এ সময় উভয় পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা গেছে।
জানা গেছে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির করায় এই সংঘর্ষের সুত্রপাত হয়।
অভিযোগ উঠে, ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। এর প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে থানায় গেলে হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন তারা। পরে থানার ভেতর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটে।
ছাত্রদল নেতাদের প্রতিবাদ চলাকালীন ডাকসু নেতারা কেন থানায় গিয়েছিলেন জানতে চাইলে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছে, ফেসবুকে প্রকাশিত ফটোকার্ডটি ভুয়া। সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন।
এর আগে গতকাল বুধবার ডাকসু নেতা মুসাদ্দিক ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাঁত ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাকে।
রিপোর্টার্স২৪/সাইফ