স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে যারা আহত হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানাই। তবে তিনি অভিযোগ করেন, পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ‘মব’ সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, স্ট্যাটাস দিয়ে পাঁচজন শাহবাগ থানায় এসেছে। যদি সবাই একসঙ্গে সমন্বয় করে আসতো, তাহলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। আমাদের পক্ষ থেকেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছিল।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ‘ফটোকার্ড ও প্রপাগান্ডা’ ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের নোংরা প্রচারণায় ছাত্রসমাজ ও জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সহ্যশক্তির কারণে পরিস্থিতি এখন চরমে পৌঁছেছে, তবে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি