রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া বাড়তি চাপের মুখে পড়েছে যাত্রীদের ওপর।
নতুন হিসাব অনুযায়ী, ঢাকা থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসভাড়া বেড়েছে ৬৫ টাকা। একইভাবে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় রুটে ভাড়া বেড়েছে ৬০ টাকা।
সরকারি হিসাব অনুযায়ী, বাসভাড়া নির্ধারণে দূরত্ব, টোল, ফেরি ও সেতু চার্জসহ বিভিন্ন উপাদান যুক্ত করা হয়। নতুন প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটার ভিত্তিক ভাড়া পুনর্নির্ধারণের পর সব প্রধান রুটেই ভাড়া সামান্য থেকে মাঝারি হারে বেড়েছে।
ঢাকা থেকে বিভিন্ন বিভাগীয় শহরের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধি পেয়েছে। যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ রুটে ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। সবচেয়ে বেশি যাত্রী চলাচলকারী ঢাকা কক্সবাজার রুটেও প্রায় ৫৭ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ বৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয় নিয়মিত প্রক্রিয়া হলেও এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের ওপর।
পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি তেল ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়ায় ভাড়া সমন্বয় ছাড়া বিকল্প নেই। অন্যদিকে যাত্রীরা মনে করছেন, বারবার ভাড়া বৃদ্ধি তাদের দৈনন্দিন যাতায়াতে বাড়তি চাপ সৃষ্টি করছে।
রিপোর্টার্স২৪/ঝুম