| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৪:৩৬:৫৪:অপরাহ্ন  |  ৮৭৬৪৭০ বার পঠিত
ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও যাত্রীদের কাছ থেকে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে।

বাসচালক ও কন্ডাক্টররা বলছেন, নতুন ভাড়া এখনও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। এর কারণ নতুন ভাড়ার চার্ট তারা হাতে পাননি। চার্ট পেলেই তারা বাড়তি ভাড়া নেওয়া শুরু করবেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর ১০ নম্বর চত্বর থেকে ডিজেলচালিত অছিম পরিবহনে ওঠেন দেলোয়ার। তিনি নতুনবাজারে নেমে ভাড়া দিলেন ৩০ টাকা। এসময় কন্ডাক্টরকে কোনো বাড়তি ভাড়া দাবি করতে দেখা যায়নি।

এদিকে নতুন বাজার থেকে রাজধানী পরিবহনের বাসে করে ইসিবি চত্বর নেমে ১০ টাকা ভাড়া দেন আরেক যাত্রী। এসময়ও কন্ডাক্টরকে কোনো বাড়তি ভাড়া দাবি করতে দেখা যায়নি।

অছিম পরিবহনের চালক সুমন বলেন, এখনও ভাড়া বাড়েনি। সরকার নতুন ভাড়ার চার্ট দেবে। চার্ট না পেলেতো ভাড়া বাড়াতে পারি না। তেলের দাম প্রতিলিটারে ১৫ টাকা বাড়লেও আমরা পুরোনো ভাড়াই নিচ্ছি।

মিরপুর ১২ নম্বর থেকে বিকল্প পরিবহনে যাত্রাবাড়ী যাচ্ছিলেন বাইজিদ সরদার। নতুন ভাড়া দিয়ে যাচ্ছেন নাকি পুরোনো ভাড়ায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ভাড়া দিয়েই তিনি যাত্রাবাড়ী যাচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহাম্মেদ খোকন বলেন, গতকালই আমরা বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট পেয়েছি। আজ তা ঢাকার বিভিন্ন গণপরিবহনগুলোকে দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। নতুন চার্ট প্রতিটি গাড়িতে টাঙানো থাকবে।

তিনি বলেন, সরকারের নির্ধারিত ভাড়াই আমরা নেব। নির্ধারিত ভাড়ার বাইরে এক পয়সাও বেশি নেব না। আমরা চাই আমাদের শ্রমিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বাইরে একটি টাকাও বেশি না নেন।

গণপরিবহন সংশ্লিষ্টরা বলেন, তেলের দাম বাড়ায় আমাদের বাড়তি ভাড়া নিতে হবে। চার্টে যে ভাড়া লেখা থাকবে আমরা সেটাই নেব। কোনো বাড়তি ভাড়া নেব না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪