| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাড়া বৃদ্ধির পর নতুন তালিকা প্রকাশ বিআরটিএর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ০২:২৪:২১:পূর্বাহ্ন  |  ১৩১০ বার পঠিত
ভাড়া বৃদ্ধির পর নতুন তালিকা প্রকাশ বিআরটিএর

স্টাফ রিপোর্টার: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বাস ও মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আশপাশের জেলা এবং আন্তজেলা ও দূরপাল্লার রুটের জন্য পৃথক ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার ডিজেলের দাম বাড়ানোর পর সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় বাসভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা হারে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি ভাড়া আদায় করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে এই নতুন ভাড়া প্রযোজ্য হবে না। ভাড়ায় ভগ্নাংশ থাকলে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা ধরা হবে, আর ৫০ পয়সার কম হলে তা নেওয়া যাবে না।

রাজধানীর বিভিন্ন রুটের উদাহরণে দেখা গেছে, গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ৪১ দশমিক ৫ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা। আবার মিরপুর চিড়িয়াখানা থেকে শ্যামলী, ফার্মগেট হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পর্যন্ত ২১ কিলোমিটার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা। সর্বনিম্ন ভাড়ায় স্বল্প দূরত্বে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগরেও একই হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কালুরঘাট ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার পথের ভাড়া ৩৫ টাকা। নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮ দশমিক ৬ কিলোমিটার রুটে ভাড়া পড়বে ৪৭ টাকা।

অন্যদিকে আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা (৫১ আসনের বাসের জন্য)। তবে আরামদায়ক ভ্রমণের জন্য অনেক পরিবহন ৪০ আসনের বাস পরিচালনা করায় সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি হবে। এছাড়া ফেরি ও সেতুর টোল ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, সায়েদাবাদ থেকে চট্টগ্রাম (২৪২ কিলোমিটার) রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা, আর ৪০ আসনের বাসে ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে কুমিল্লা (১০২ কিলোমিটার) রুটে ভাড়া যথাক্রমে ২৪০ ও ৩০৬ টাকা। একইভাবে সিলেট রুটে (২৫৭ কিলোমিটার) ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ ও ৭৪০ টাকা।

ঢাকা থেকে বরিশাল রুটে ভাড়া নির্ধারণে দুটি পথ বিবেচনায় আনা হয়েছে। গাবতলী থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ২৪২ কিলোমিটার পথের ভাড়া ৫১ আসনের বাসে ৬১৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৮৫ টাকা। অন্যদিকে সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে ১৭১ কিলোমিটার পথের ভাড়া যথাক্রমে ৪৬৪ ও ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে ময়মনসিংহ (১১৬ কিলোমিটার) রুটে ভাড়া ২৫৯ ও ৩৩০ টাকা। আর মহাখালী থেকে টাঙ্গাইল হয়ে রাজশাহী (২৬৭ কিলোমিটার) রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬২৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পথে যমুনা সেতুসহ বিভিন্ন সেতুর টোল যুক্ত রয়েছে।

মহাখালী থেকে রংপুরের দিকে গেলে যমুনা সেতুসহ অন্যান্য সেতুতে ১ হাজার ৫০ টাকা টোল যুক্ত হবে। এর মধ্যে শুধু যমুনা সেতুর টোলই ১ হাজার টাকা।

চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সোনাপুর (১৪৭ কিলোমিটার) রুটে ভাড়া ৩২৮ টাকা এবং ৪০ আসনের বাসে ৪১৮ টাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লা (১৫৪ কিলোমিটার) রুটে ভাড়া যথাক্রমে ৩৪৩ ও ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের ভাড়া তালিকা দেখে যাতায়াত করার এবং কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪