রিপোর্টার্স২৪ ডেস্ক: নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় ফের আন্দোলনে নেমেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা।
মিছিলটি সড়কের ওপর নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’—এসব স্লোগানে মুখর করে তোলেন শাহবাগ এলাকা।
প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে ছিলেন এবং পরিস্থিতি থমথমে থাকলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রায় আড়াই মাস আগে তারা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, দ্রুত নিয়োগপত্র প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নিয়োগপত্র আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম