| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৪:১০:৪৯:অপরাহ্ন  |  ১৮৫৪ বার পঠিত
শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ছে, যা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও অনেক সময় শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না। পাশাপাশি অনেকেই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক আচরণ ও মন্তব্য করছেন।

তিনি আরও বলেন, “অনেকেই ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। কেউ কেউ ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ ধরনের মন্তব্য করেন, যা অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি সংস্কৃতি তৈরি হচ্ছে।”

এ পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, আজকের তরুণরা কোন পথে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তারা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে বিবেচিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি—এই বিষয়গুলো এখন গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

মেধাস্বত্ব প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। দেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব অনেক সময় বিদেশে গিয়ে রেজিস্ট্রেশন ও ট্রেডমার্ক পাচ্ছে, অথচ দেশে যথাযথভাবে তা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এর পেছনে প্রশাসনিক দুর্বলতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪