| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধর, বহিরাগত আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১১:০৯:৩৮:পূর্বাহ্ন  |  ২২৯৪ বার পঠিত
সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধর, বহিরাগত আটক
ছবির ক্যাপশন: মারধরের শিকার আহত শাওন

রাবি প্রতিনিধি: সিগারেট ধরাতে নিষেধ করায় বহিরাগত এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক জুনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সিনিয়র শাওন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত জুনিয়র একই ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ। তিনি ২০২৩-২৪ সেশনে অধ্যয়নরত। তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর দপ্তরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলার দিকে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। এরপর হঠাৎই তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার ওপর হামলা হয় এবং মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

মারধরের কারণ জানতে চাইলে শাওন বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসে ছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, দুজনই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্যজনকে মারধর করেছে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থীরা এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪