কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় লাহিনী বটতলায় একটি পার্সেল খোলার সময় তাতে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেখান থেকে ব্যাটারিসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে ব্যাগভর্তি একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলে। পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি তা গ্রহণ করতে রাজি হননি। এরপর পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন নাসির। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পার্সেল খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান। এরপর কাঠের বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়।
আহত ভ্যানচালক নাসির শেখ বলেন, ‘যে দুজন পার্সেলটি আমাকে পৌঁছে দিতে বলেছে, আমি তাদের কাউকে চিনি না। তারা নিজেদের গাড়ির ড্রাইভার পরিচয় দিয়েছিল। আমি সবাইকে সাক্ষী রেখেই পার্সেলটি খুলেছিলাম। কাঠের বাক্সটি তখনই বিস্ফোরিত হয়। এ ছাড়া বিস্ফোরণে ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, ‘আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্প্লিন্টারজাতীয় কিছুর আঘাতে তাঁর শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ‘বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে কারা ঘটিয়েছে তাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।’
রিপোর্টার্স২৪/এসএন