| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কার্যকর পদক্ষেপ চায় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১০:২৯:৫০:পূর্বাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কার্যকর পদক্ষেপ চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এনপিটির ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিশ্ব আজও পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে মুক্ত নয়। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রায় আট দশক পরও একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক।

তিনি উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার শুধু বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যই হুমকি নয়, এটি টেকসই উন্নয়ন অর্জনের পথেও বড় বাধা। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এ হুমকি আরও জটিল হয়ে উঠেছে।

নিরস্ত্রীকরণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সবসময় পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়েছে। একটি পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও বাংলাদেশ স্বেচ্ছায় অ-পরমাণবিক রাষ্ট্র হিসেবে প্রতিশ্রুতি বজায় রেখেছে।

তিনি পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে এনপিটির অনুচ্ছেদ ৬ অনুযায়ী তাদের আইনগত দায়বদ্ধতা পূরণে আহ্বান জানান। একই সঙ্গে নিরস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলোর সর্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ, আস্থা পুনর্গঠন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা সময়ের দাবি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪