নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় ঝড়ে নারিকেল গাছ ভেঙে স্কুলের ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকায় শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় স্কুলের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ ভেঙে স্কুলের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিক্ষকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন