| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপকূল রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৪:৩০:৩০:অপরাহ্ন  |  ৪৬১ বার পঠিত
উপকূল রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক চৌধুরী হলে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়াল ২৯ এপ্রিল ৯১’ স্মরণে অনুষ্ঠিত “উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলজুড়ে একটি শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন এবং সমন্বিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে।

১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা স্মরণ করে তিনি বলেন, এটি দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ ছিল, যা কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল।

সেই সময়ের সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, মাত্র তিন মাসের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করেছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪