রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সব খাতে কর সুবিধা প্রদান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে সরকার প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করবে, তবে সব ক্ষেত্রে কর ছাড় দেওয়া বাস্তবসম্মত নয়।
তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে যাওয়া হয়েছে, যা বর্তমান অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তবাজার অর্থনীতির নীতিতে পরিচালিত হচ্ছে এবং ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো বিশেষ সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সরকার এখন বড় বাজেট নয়, বরং গুণগত ও বাস্তবভিত্তিক বাজেট প্রণয়নে গুরুত্ব দিচ্ছে। অতীতে বড় প্রকল্পের নামে অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি থেকে বের হয়ে আসাই বর্তমান সরকারের লক্ষ্য।
সভায় আসন্ন বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে এফবিসিসিআই।
রিপোর্টার্স২৪/ঝুম