কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত্বাধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পান্টি বাজার - সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মো. লুৎফর রহমান (৬০) ওই এলাকার মৃত কেতাব উদ্দিন শেখের ছেলে ও পান্টি ভাগ্নে স্টোরের মালিক। এ ঘটনায় বুধবার (২৯এপ্রিল) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, রাতে দোকান ও ব্যাংক বন্ধ করে প্রায় চার লাখ ৪১ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে কবরস্থান এলাকায় পৌছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে পথ অবরোধ করেন। এরপর মোটরসাইকেল থেকে দুইজন নেমে আমার হাতের ডানায় আঘাত করে একজন। তাঁদের হাতে চাপাতির মত ধারালো অস্ত্র ছিল। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মোটর সাইকেলে ঝুলানো নাইলনের ব্যাগ নিয়ে তাঁরা দ্রুত সান্দিয়ারার দিকে চলে যায়।
তাঁর ভাষ্য, নিজ বাড়ি থেকে প্রায় ২৫ গজ দুরে এঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মাত্র দুই মিনিটেই নাইলনের ব্যাগসহ চার লাখ ৪১ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। প্রাণভয়ে তিনি প্রতিবাদ করেননি রাতে। তবে বিচারের আশায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের একজন স্বত্ত্বাধিকারী থানায় ছিনতাইয়ের এক লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু