নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১৪০তম মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ইমারত শ্রমিক ইউনিয়ন ১৫৩১-এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল মোল্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক নূরুল আরমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি দিলীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ছমির মোল্যা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গাজী শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. মাসুম ইসলাম, অফিস সহকারী মো. ইমদাদুল ইসলাম, সদস্য মো. ওসিকুল সিকদারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে অনুদান ও সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে নারী শ্রমিকদের জন্য ২০টি শাড়ি, পুরুষ শ্রমিকদের জন্য ৩০টি লুঙ্গি এবং অন্যান্য শ্রমিকদের মাঝে ১০০টি ছাতা প্রদান করা হয়। পাশাপাশি আহত ও মৃত শ্রমিকদের পরিবারের মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন