| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুতে দ্বন্দ্ব প্রকাশ্যে, ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০৬:১৯:৫৫:পূর্বাহ্ন  |  ১৯৬ বার পঠিত
রাকসুতে দ্বন্দ্ব প্রকাশ্যে, ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। জিএস সালাউদ্দিন আম্মারের একাধিক অভিযোগকে কেন্দ্র করে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও কয়েকজন সম্পাদক পাল্টা বক্তব্য দিলে রাকসুকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে জিএস সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, পরিষদের অধিকাংশ সদস্য শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় ভিন্ন প্যানেলের প্রতিনিধিদের মতামত গুরুত্ব পায় না। তিনি বলেন, আমিসহ তিনজন ভিন্ন প্যানেলের হওয়ায় আমাদের মতামত স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হয় না।

তিনি আরও অভিযোগ করেন, অনেক সময় সম্পাদকরা ভিপির সংশ্লিষ্টতায় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন করেন। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তিনি কিছু কার্যক্রম থেকে নিজেকে দূরে রেখেছেন বলেও জানান।

গত ৬ এপ্রিল রাকসুর উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অতিথি হিসেবে অংশ নেন। ওই অনুষ্ঠানের ব্যানারে জিএস সালাউদ্দিন আম্মার ও শিবির-সমর্থিত প্যানেলের পরাজিত জিএস প্রার্থী এবং বর্তমান সিনেট সদস্য ফাহিম রেজার নাম থাকায় আপত্তি জানিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেননি বলে জানা যায়।

তবে জিএসের এসব অভিযোগকে “ভিত্তিহীন ও মনগড়া” বলে দাবি করেছেন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শিবির-সমর্থিত প্যানেলের বাইরে থাকা সদস্যদের মতামত উপেক্ষার কোনো নির্দিষ্ট উদাহরণ জিএস দেখাতে পারেননি। বরং তার ইশতেহার বাস্তবায়নেও সবাই সহযোগিতা করছেন।

তিনি বলেন, রাকসুর কোনো প্রোগ্রাম ভিপির একক সিদ্ধান্তে হয় না। সভাপতির অনুমতিতে সম্পাদকরা অ্যাজেন্ডা পাস করেন এবং পরে নিজেরাই অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে আমাকে ও জিএসকে আমন্ত্রণ জানানো হয়।

গণভোটবিষয়ক সেমিনারে অনুপস্থিতির বিষয়ে ভিপি দাবি করেন, জিএস ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছ থেকে ছুটি নিয়েছিলেন। অথচ পরে গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দিয়েছেন।

ভিপি আরও অভিযোগ করেন, জিএস দীর্ঘদিন ধরে রাকসুর কাজের চেয়ে মিডিয়াকেন্দ্রিক বক্তব্যেই বেশি মনোযোগ দিচ্ছেন। তার ভাষায়, রাকসুর কাজে যদি তিনি আরও মনোযোগী হতেন, তাহলে সম্পাদকদের কাজ সহজ হতো।

অন্যদিকে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহাও জিএসের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে গিয়ে তিনি অন্যদের দোষারোপ করছেন। তার দাবি, জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই জিএস এখন নিজেকে ‘মাইনাস প্লেয়ার’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদে জয় পান তাদের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হন স্বতন্ত্র ও ছাত্রদল-সমর্থিত প্রার্থীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪