কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্টে কুষ্টিয়াবাসীর সমর্থন কামনা করেছেন। শনিবার (৪ মে) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তিনি জনকল্যাণমূলক কাজ করতে গেলেই একটি মহল বাধা দেওয়ার চেষ্টা করছে।
ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, নানা “প্রোপাগান্ডা” ছড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ভাষায়, যারা মানুষের জন্য ভালো কিছু করতে সক্ষম নয়, তারাই এখন তার পথ আটকানোর রাজনীতি করছে। এতে কুষ্টিয়াবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও লেখেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের অবৈধ কর্মকাণ্ড আগের মতো নির্বিঘ্নে চলতে পারছে না। এ কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে তিনি কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের উদ্দেশে লেখেন, কুষ্টিয়ার মানুষের শান্তির জন্য যে দায়িত্ব তাঁর কাঁধে এসেছে, তা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
আমির হামজা লেখেন, কুষ্টিয়াবাসী আগেও তাঁর পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন—এমন বিশ্বাস তাঁর রয়েছে। তাঁর এই ফেসবুক পোস্টকে ঘিরে কুষ্টিয়ায় নানা আলোচনা চলছে।
রিপোর্টার্স২৪/বাবি