| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ২০:২৫:৫১:অপরাহ্ন  |  ২৪১৩১ বার পঠিত
মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন এবং এলাকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের গোহাটার পাশে একটি ভাড়া বাসায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সঙ্গে তার স্বামীর পূর্ব পরিচয় ছিল।

অভিযোগে বলা হয়, গত ৫ মে সকালে ভুক্তভোগীর স্বামী কৃষিকাজে এবং দুই ছেলে স্কুলে গেলে তিনি বাসায় একা ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাদের বাসায় গিয়ে তার স্বামীর খোঁজ করেন। এ সময় স্বামী বাড়িতে নেই জানালে তিনি ঘরের ভেতরে প্রবেশ করে ঠান্ডা পানি চান।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে তাকে জাপটে ধরে খাটের ওপর ফেলে দেন। পরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে গৃহবধূ চিৎকার শুরু করলে পাশের চায়ের দোকানে থাকা স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে দুই লাখ টাকার একটি চেক দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী তার স্বামী ও স্বজনদের বিষয়টি জানান। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়।

মহেশপুর থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪