জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাড়ির পাশের দোকানে আচার কিনতে গিয়েছিলেন চার বছরের শিশু রোজা। কিন্তু আচার না পেয়ে সড়কের অপর পাশে দাড়িয়ে থাকা মায়ের কাছে ফেরার পথে বিড়ি কোম্পানির একটি ইজিবাইক (ব্যাটারীচালিত স্থানীয় যান) ধাক্কায় প্রাণ হারাল শিশুটি।
মঙ্গলবার (১২ই মে) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জীবননগরের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজা একই গ্রামের রাজু আহাম্মেদের কন্যা।
স্থানীয়রা জানান, শিশু রোজা আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে পাশের একটি দোকানে যায়। আচার না পেয়ে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী "কালাম বিড়ি" কোম্পানির পণ্য বোঝাই একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মা বলেন, আমার মেয়ে আচার কেনার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে যায়। কিন্তু আচার না পেয়ে সে টাকা হাতে নিয়ে হাসিমুখে ফিরে আসছিল। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে আমার মেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এই দুর্ঘটনার জন্য ইজিবাইক চালকের কোনো দোষ নাই।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি টিম। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু