বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা (২য় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ মে) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যকেন্দ্র আয়োজিত এ উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধনের গুরুত্ব এবং ডিজিটাল সেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। তিনি নারীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান এবং স্বাস্থ্য, শিক্ষা ও পারিবারিক সচেতনতাসহ দৈনন্দিন বিভিন্ন সমস্যা বিষয়ে উপস্থিত নারীদের সঙ্গে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদ আব্দুল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রভাস সরকার। তারা নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল সেবা গ্রহণে উৎসাহিত করেন।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অ.দা.) তাজিমা জাহান সাথী-এর তত্ত্বাবধানে এবং তথ্যসেবা সহকারী রেশমা আক্তার-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে সরাসরি মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সরকারের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/এসএন