| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২৩:০৩:২৮:অপরাহ্ন  |  ১২২৮ বার পঠিত
সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর মালিকপক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’

২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই তাঁর প্রতিষ্ঠিত দেশের অন্যতম পাঠকপ্রিয় প্রকাশনা সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত সম্পর্কে কাজী শাহানূর হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ছোট ভাই কাজী মাইমুর হোসেনের স্ত্রী সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, পারিবারিকভাবে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনের পারিবারিক কোনো দ্বন্দ্ব–সংঘাত নেই।

সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পরে তাঁর দুই পুত্র কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন। আর কাজী আনোয়ার হোসেন জীবদ্দশাতেই মাসুমা মাইমুরকে উপদেষ্টা করে গেছেন।

মাসুমা মাইমুর জানান, কাজী মাইমুর হোসেন অসুস্থ রয়েছেন। বড় ভাই কাজী শাহানূর হোসেন সহজ–সরল মানুষ। তাঁর অগোচরে প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করছিলেন। বিষয়টি তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছিল। ছয় মাস ধরে তিনি গোপনে অনুসন্ধান কারে দেখতে পান বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বই বিক্রির অর্থ জমা করা হচ্ছে না। কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে। এ ছাড়া অনিয়মের কারণে সম্প্রতি নেওয়া বিভিন্ন প্রকল্পও ব্যর্থ হচ্ছিল। এ বিষয়গুলো জানার পরে পারিবারিকভাবে আলোচনা করে তাঁরা সাময়িকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রেখে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যেই রমনা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে মাসুমা মাইমুর বলেন, অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত অডিট শুরু হবে। এসব কার্যক্রম শেষ করে পাঠকপ্রিয় সেবা প্রকাশনী নতুনভাবে কার্যক্রম শুরু করবে বলে তিনি জানিয়েছেন। এই সংকটময় সময়ে পাঠকদের তিনি সঙ্গে থাকার অনুরোধ করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪