| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুর 'নারী উদ্যোক্তা মেলা' শেষ হচ্ছে আজ

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:২২:৪৩:অপরাহ্ন  |  ১১৯৬ বার পঠিত
রাকসুর 'নারী উদ্যোক্তা মেলা' শেষ হচ্ছে আজ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)'র উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ শেষ হচ্ছে আজ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

নারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও ছাত্রী হল সংসদ। 

মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। এবারের মেলায় মোট ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি ও উদ্ভাবিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এসব দোকানের আবার ‘কুঞ্জবাটিক’, ‘সুতোরী’, ‘তরিত্র’, ‘ইউনিক কক্স কালেকশন’, ‘বারাকাহ প্রোডাক্টস’ এর মতো বাহারী নামকরণ করা হয়েছে।

মেলায় অংশ নেওয়া কুঞ্জবাটিক নামে স্টলের এক উদ্যোক্তা বলেন, "ক্যাম্পাসের ভেতরে এমন একটা প্ল্যাটফর্ম পাওয়া আমাদের মতো শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য স্বপ্নের মতো। রাকসুর এই আয়োজনে আমি আমার কুঞ্জবাটিক স্টলটি সাজিয়েছি বিভিন্ন আকর্ষণীয় ও গুণগত মানের বাটিকের শাড়ি, ওড়না ও থ্রি-পিস দিয়ে। প্রথম দিন থেকেই সহপাঠী ও দর্শনার্থীদের দারুণ সাড়া পাচ্ছি, যা আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আত্মবিশ্বাস দিচ্ছে। সবাইকে আমাদের স্টলটি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।"

আয়োজন সম্পর্কে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, "নারী শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই আয়োজন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সেই উদ্যমকে উৎসাহিত করতেই রাকসুর এই প্রয়াস। রাকসুর মহিলা বিভাগের এই উদ্যোগ নারীদের আরও অনুপ্রাণিত করবে।"

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা বলেন, "রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও নারী হল সংসদের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগে অনেক মেলা হলেও শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোক্তা মেলা এবারই প্রথম। যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, মূলত তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের বাইরের দর্শনার্থীরাও এই মেলা পরিদর্শন করতে পারছেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪