বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সম্মানে বিদায় সংবর্ধনা দিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
শনিবার রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে বিদায়ী পুলিশ সুপারের দায়িত্বকালীন বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহসভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহসাধারণ সম্পাদক ইয়ামিনসহ জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তিনি সবসময় সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তার বদলি বাগেরহাটবাসীর জন্য এক ধরনের শূন্যতা তৈরি করলেও নতুন কর্মস্থলেও তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সংবর্ধনার জবাবে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাগেরহাটে দায়িত্ব পালনকালে সাংবাদিক, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে থাকবে।
রিপোর্টার্স/এসএন