নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার কথিত প্রেমিককে আটক করে গ্রামবাসীর হাতে অপদস্ত করার ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচই গ্রামের ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই গ্রামের আতর আলীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। রোববার ভোররাতে আতর আলী ওই নারীর শয়নকক্ষে গেলে বিষয়টি টের পান স্থানীয়রা। পরে তারা ঘরে অভিযান চালিয়ে ওই নারী ও ঘরের মাচায় লুকিয়ে থাকা আতর আলীকে আটক করেন।
এ সময় উত্তেজিত গ্রামবাসী দুজনকে শেকল দিয়ে বেঁধে ঘর থেকে বের করেন এবং নারীর মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে নারীটি প্রতিবাদ জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুজনকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি