| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০৪:৫২:১৫:পূর্বাহ্ন  |  ১৪১০ বার পঠিত
১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে রাজধানীতে যানজট, হকার সমস্যা, বায়ুদূষণ ও জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। পরিবেশ নিয়ে শুধু বক্তব্য নয়, কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ সচেতন হলে দুই বছরের মধ্যেই ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব। তবে নাগরিকদের অসচেতন আচরণও বায়ু ও শব্দদূষণের জন্য দায়ী।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ১৫ দিনের জরিপ কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে তা চিহ্নিত করা হচ্ছে। নাগরিকদেরও নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে।

রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে তিনি বলেন, সমন্বয়হীনতার কারণে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে পরীক্ষামূলকভাবে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইন একসঙ্গে ভূগর্ভস্থ করার প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খাল ও জলপথ নষ্ট হয়ে যাওয়ায় রাজধানীতে পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাসিক এলাকাগুলো বাণিজ্যিক এলাকায় রূপ নিয়েছে, এতে যানজট ও জনদুর্ভোগ বেড়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

সভায় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সভাপতিত্ব করেন। এতে পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪