রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে পবিত্র ঈদুল আজহা পড়ায় কেউ চাইলে দুই-একদিন পরে নিজেদের সুবিধামতো কর্মসূচি পালন করতে পারবেন।
দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, তাঁর রাজনৈতিক আদর্শ ও অবদানকে স্মরণ করার উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে দলীয় নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম