| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৫:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৫৫২ বার পঠিত
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাবের কার্যক্রম পরিচালনার জন্যই এই নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ বাহিনী এভাবে পরিচালিত হওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন আইনে র‍্যাবের ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

র‍্যাবের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের বিবেচনার ওপর নির্ভর করছে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। সে সময়কার সরকার একদলীয় শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “সেই কারণেই র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা এখনো বহাল রয়েছে।”

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪