| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৭:৪০:৪৩:অপরাহ্ন  |  ৮৯২ বার পঠিত
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ভূমি মন্ত্রণালয়ের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জিও-লোকেশনভিত্তিক উপস্থিতি মনিটরিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফিসে এসে চলে যাওয়ার সুযোগ আর থাকবে না।

সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে। সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবার প্রতিষ্ঠানে পরিণত করাই বর্তমান উদ্যোগগুলোর মূল লক্ষ্য। এ জন্য বিভিন্ন ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা চালু করা হলেও এখনো অনেক মানুষ এসব সম্পর্কে জানেন না। জনগণকে সচেতন করতেই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অধিকাংশ ভূমিসংক্রান্ত সেবা পাওয়া সম্ভব। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালকে ‘সেকেন্ড জেনারেশন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে’ উন্নীত করা হয়েছে, যাতে এক জায়গা থেকেই বিভিন্ন সেবা নেওয়া যায়।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। তাদের জন্য সারা দেশে ৮৯৩টি সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অল্প সার্ভিস চার্জের বিনিময়ে এসব কেন্দ্র থেকে নাগরিকরা ভূমিসেবা নিতে পারবেন।

সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের দেওয়া অ্যান্ড্রয়েড ফোনে জিও-লোকেশনভিত্তিক মনিটরিং চালু করা হবে। কোনো কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সেটি ‘রেড মার্ক’ হিসেবে দেখা যাবে।

তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে আগে চালু হয়নি।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, পরে পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। আগামীকাল অনুষ্ঠেয় মেলার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪