অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রধান আসামি শাহ মাহমুদকে যশোর শহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার (১৭ মে) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে আনিস ট্রেড ভ্যালি নামে বহুতল ভবনের একটি ঘর শাহ মাহমুদ ভাড়া নিতে চান। কিন্তু আনিছুর তাকে ঘর ভাড়া না দেওয়ায় শাহ মাহমুদ গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে আনিছুরকে তার ঐ ভবনের সামনে কুপিয়ে মারাত্মক জখম করে। ঐ দিন রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। হত্যার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ আত্মগোপনে ছিলো। শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার বাসিন্দা।
এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও বিচার দাবিতে আন্দোলন শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যা মামলার প্রধান আসামি ভারতে পালানোর চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভয়নগর থানা, জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ ও যশোর জেলা সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে আর,এন রোড থেকে তাকে আটক করা হয়। বিচারের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু