| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অর্থ বরাদ্দের দাবিতে স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২০:১১:০০:অপরাহ্ন  |  ৫০৩ বার পঠিত
রামপালে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অর্থ বরাদ্দের দাবিতে স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে স্মারকলিপি দিয়েছে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম।

সোমবার (১৮ মে) সকালে রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

উপজেলার শ্রীফলতলা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম’-এর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, রামপাল সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস এবং ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, মো. জিয়াউর রহমান ও আসমা বেগম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল উপজেলা একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠী মৎস্যজীবী, বাওয়ালী, মৌয়াল, বনজীবী ও সাগরগামী জেলে হিসেবে জীবিকা নির্বাহ করে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, ফসলহীনতা, নদীভরাট, মরুকরণ এবং সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এছাড়া প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যাও বাড়ছে। অপুষ্টি ও পানিবাহিত রোগের কারণে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

স্মারকলিপিতে দলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের নির্ধারিত ৩৯টি কাজের মধ্যে স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা ও বৃক্ষরোপণসহ সাতটি খাতে গুরুত্ব দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়।

রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট। ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী এসব বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে আগামী উন্নয়ন বাজেটে এসব খাতে বরাদ্দ রাখার চেষ্টা করা হবে।”

দাতা সংস্থা GFA Consulting Group এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর অর্থায়নে, We Can-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক মেহেদী হাসান, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, কার্যনির্বাহী সম্পাদক মো. লিয়াকত হাওলাদার, সদস্য হোসনেয়ারা বেগম, শওকত আলী, আসমা বেগম, সমীরণ বিশ্বাস ও শ্যামলী দাস।

পরে নাগরিক ফোরামের পক্ষ থেকে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪