স্টাফ রিপোর্টার: দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, নতুন এ মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানায়, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় অনুমোদিত হয়।
সংস্থাটি জানায়, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব