| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ০২:০২:০১:পূর্বাহ্ন  |  ১০৪ বার পঠিত
সাংবাদিক পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চবি প্রতিনিধি: সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক বাংলা বাজার পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে রাত আনুমানিক ৮টার দিকে শাহ আমানত হলের সামনে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচার করছিলেন দৈনিক বাংলা বাজার–এর ক্যাম্পাস প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাবিত বিন নাছিম। এ সময় তার গলায় সাংবাদিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে সাবিত দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় প্রথমে তাকে মামলা দেওয়ার হুমকি দেন। পরে হৃদয়ের নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি আহত হন।

হামলার পর সাবিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গেলে কর্তব্যরত চিকিৎসক তার রিপোর্টে “H/O Assault” (History of Assault) উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্রে সাবিত বিন নাছিম জানান, হামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, আমি আমার শিক্ষাগত ও পেশাগত জীবন নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা করছি।

অভিযোগে তিনি ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণমাধ্যমকে বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। আগামীকাল উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, কেউ যদি দলের নাম ও পদ ব্যবহার করে শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে কটাক্ষ করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি বলেন, যে গল্পটা সাজানো হয়েছে, তার মান আরেকটু বাড়ানো উচিত, যাতে আগামী বইমেলায় গল্প আকারে প্রকাশ করা যায়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে এর আগেও সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠার খবর প্রকাশিত হয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪