| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৪:৫২:০১:অপরাহ্ন  |  ৯৪২ বার পঠিত
হাসপাতালের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: খুলনা সদর হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় রোগীদের সেবা, র‌্যাবিস ভ্যাকসিন সংকট এবং হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বুধবার (২০ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টায় হঠাৎ করে খুলনা সদর হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে র‌্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন সংগ্রহের বিষয়টি উঠে আসে। অভিযোগ পাওয়ার পর তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে তীব্রভাবে ভর্ৎসনা করেন।

মন্ত্রী জানতে চান, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে তত্ত্বাবধায়ক জানান, সরবরাহ সংকটের কারণে এই সমস্যা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় যোগাযোগ করে জানতে পারেন, ভ্যাকসিন আনার বিষয়ে প্রয়োজনীয় কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এরপর হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি রান্না করা কুমড়োর সবজি মুখে নিয়ে সঙ্গে সঙ্গে তা ফেলে দেন।

এ সময় তিনি বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?”পরে তিনি হাসপাতালের সুপারিন্টেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪