| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে খাল অবমুক্তের গণস্বাক্ষরে সুপারিশ করলো সাংসদ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৫:২৫:৪৯:অপরাহ্ন  |  ৪৫২৯০ বার পঠিত
বাগেরহাটে খাল অবমুক্তের গণস্বাক্ষরে সুপারিশ করলো সাংসদ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দখল হয়ে যাওয়া ১৬টি সরকারি খাল অবমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবিতে গণস্বাক্ষরসহ আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ২০ মে বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নবাসী এ আবেদন জমা দেন।

স্থানীয়দের অভিযোগ, একসময় এসব খাল কৃষিকাজ, নৌ-চলাচল ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। নিয়মিত জোয়ার-ভাটার পানিতে খালগুলো সচল থাকলেও বর্তমানে প্রভাবশালী মহলের দখল, অবৈধ বাঁধ ও বাণিজ্যিক মাছ চাষের কারণে অনেক খাল প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে।

তারা আরও জানান, জোয়ার-ভাটা চলাচলকারী এসব খাল আইন অনুযায়ী জলমহল হিসেবে ইজারা দেওয়ার সুযোগ না থাকলেও প্রভাব খাটিয়ে অনেক জায়গায় ইজারা দেওয়া হচ্ছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ মানুষ প্রাকৃতিকভাবে মাছ আহরণের সুযোগ হারাচ্ছেন।

এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জনস্বার্থে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেছেন।

স্থানীয়দের উদ্যোগে “রাইজিং স্টার ইয়ুথ গ্রুপ” গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে, যেখানে এলাকার শতাধিক মানুষ অংশ নেন এবং দ্রুত খালগুলো অবমুক্ত করার দাবি জানান। পরে এলাকার প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র জমা দেন।

জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, খালগুলো পুনরুদ্ধার করা গেলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪