ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত ৩টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন সচল করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসএন