| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০১:৩১:২১:পূর্বাহ্ন  |  ২১৮ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খান আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মামলার পর থানার প্রধান গেটে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪