কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ধাক্কায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান বাড়ির পাশেই রাস্তায় খেলা করছিল। এসময় ধানবাহী একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দেয়।এতে আরিয়ান গুরুতর আহত হয়। সাথে সাথে আশেপাশের লোকজন ঐ অবস্থায় তাকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করে এলাকাবাসী।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু