| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খোলপেটুয়া নদী ভাঙনের মুখে শ্যামনগর বেড়িবাঁধ

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৮:৫০:২৯:অপরাহ্ন  |  ৪২৬২০ বার পঠিত
খোলপেটুয়া নদী ভাঙনের মুখে শ্যামনগর বেড়িবাঁধ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর তীব্র ভাঙনে ওয়াবদার বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে শুরু হওয়া ভাঙনে প্রায় ২৫০ ফুট এলাকা ঝুঁকিতে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদিয়া এলাকার দুর্গাবাটি মন্দির সংলগ্ন নদীর চরে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে। তবে নদীর প্রবল স্রোত ও জোয়ারের কারণে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

খবর পেয়ে শনিবার সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান নিয়ে ভাঙনরোধ কার্যক্রম তদারকি করছেন বিএনপি নেতা, সাবেক সেনা সদস্য ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম রুস্তম আলী। এ সময় যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

জিএম রুস্তম আলী বলেন, “ড. মো. মনিরুজ্জামানের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই অংশ দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেলে অন্তত ৮ থেকে ১০টি গ্রাম প্লাবিত হবে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হতে পারে।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য নীলকান্ত রফতান বলেন, “দুর্গাবাটি মন্দির সংলগ্ন মাদিয়া এলাকায় যেভাবে নদীভাঙন শুরু হয়েছে, দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বহু এলাকা নদীর নোনা পানিতে তলিয়ে যাবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪