কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮ পিস ইয়াবাসহ মো. আলো হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গত শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির একটি টহল দল রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ আলো হোসেনকে আটক করে। তিনি গাংনী থানার লক্ষ্মীধোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এদিকে রোববার রাত ১২টা ৪০ মিনিটে কুষ্টিয়ার কাজিপুর ব্রিজ মোড় এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা
বিজিবি জানিয়েছে, তিনটি অভিযানে উদ্ধার হওয়া পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু