কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় চার মাস বয়সী সন্তানকে গড়াই নদীতে ফেলে দিয়ে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (৩০) নামের এক নারী। স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর থেকে ওই নারী প্রথমে তার চার মাসের সন্তান সাইফ ওসমান হাদিকে নদীতে ফেলে দেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে থাকা নৌকার মাঝিরা দ্রুত তাকে উদ্ধার করেন। তবে শিশুটিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।
শিশুটির বাবা আব্দুল আলীম দাবি করেন, পারিবারিক বিরোধ ও শিশুটির চিকিৎসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তার ভাষ্য, শিশুটি কিছুদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ চলছিল।
তিনি আরও জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে বলেও পরিবারে আলোচনা ছিল।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, স্থানীয়দের সহায়তায় নারীকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, উদ্ধার হওয়া নারীকে থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।