ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ জুন) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে বাসাবাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।
এ সময় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/মিতু