| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৮:২৮:৫৯:অপরাহ্ন  |  ২৮৩ বার পঠিত
শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে মোবাইল রিচার্জকে কেন্দ্র করে তারাউজিয়াল ও দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় দুটি দোকানঘর ও একটি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দ্বারিয়াপুর গ্রামের শাহীব শেখ (৩৫) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তারাউজিয়াল গ্রামের প্রবল শেখ (৪০) ও শাহজাহান (৪০) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দ্বারিয়াপুর গ্রামের সজল মোল্লাকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে শুক্রবার রাতে সাচিলাপুর বাজারে মোবাইল রিচার্জ সংক্রান্ত বিরোধের জেরে তারাউজিয়াল গ্রামের মোবাইল ব্যবসায়ী প্রবল শেখের সঙ্গে দ্বারিয়াপুর গ্রামের শাহীব শেখের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহীব মারধরের শিকার হন।

এ খবর ছড়িয়ে পড়লে দ্বারিয়াপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে প্রবল শেখ ও শাহজাহানকে মারধর করেন। এ সময় প্রবল শেখের ‘হৃদয় টেলিকম’ এবং ‘মেঘা সুইটস অ্যান্ড কনফেকশনারি’ নামে একটি দোকানে ভাঙচুর চালানো হয়।

পরে এর প্রতিবাদে তারাউজিয়াল গ্রামের লোকজন দ্বারিয়াপুর গ্রামের মৃত আলম মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকালে উভয় গ্রামের লোকজন নতুন করে সংঘর্ষের প্রস্তুতি নিলে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সী রেজাউল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দুই গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪