শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে লবণ পানি উত্তোলন ও অনুপ্রবেশের কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। একসময়ের ফসলি জমি ক্রমে অনাবাদি হয়ে পড়ছে, ফলে ধান ও শাকসবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন হ্রাস পাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তারা আরও বলেন, লবণাক্ততার কারণে পুকুর, খাল ও জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এলাকায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে মানুষকে দূরদূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি গবাদিপশু পালন ও দৈনন্দিন জীবনযাপনেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে জোয়ারের সময় লবণ পানি প্রবেশ করে কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক এলাকায় জোয়ারের পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি মৃত্যুর পর জোয়ারের কারণে লাশ দাফনে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়—এ পরিস্থিতিকে তারা মানবিক সংকট হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই’, ‘মাটি বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘কৃষিজমি রক্ষা করুন’, ‘লবণ পানি মুক্ত গ্রাম চাই’ এবং ‘সুন্দরবন বাঁচাও’সহ বিভিন্ন শ্লোগান দেন।
বক্তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
রিপোর্টার্স২৪/মিতু