নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন মোহরকয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মৃত বেলাল হোসেনের ছেলে মোতাকাব্বির (২০) এবং মৃত ইছার প্রামাণিকের ছেলে টুটুল প্রামাণিক (৫০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা, মোতাকাব্বির ও টুটুল প্রামাণিককে ৯৯ পিস ইয়াবা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।
পুলিশ জানায়, এসব মোবাইল ফোন ব্যবহার করে তারা ক্লোন অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স/এসএন